দিলীপ তালুকদার : নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার চুরি হওয়া ব্যাগসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রুবেলকে রাজধানীর শনিরআখড়া এবং সোলাইমানকে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান,এদের মধ্যে, একজন পেশাদার চোর এবং অপরজন তার সহযোগী। তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।
রুবেল নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগটি চুরির পর তাতে থাকা দুটি মোবাইল, নোটপ্যাড বসুন্ধরা সিটিতে বিক্রি করে দেয়। গোয়েন্দা পুলিশ তাদের অনুসন্ধানের পর সোলাইমানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রুবেলকে শনিরআখড়া থেকে গ্রেফতার করা হয়। মিডিয়ায় রুবেলের ছবি প্রকাশিত হওয়ায় সে তার দাঁড়ি কেটে ফেলে।
উল্লেখ্য,গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল।
কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রাষ্ট্রদূত যখন মঙ্গলবাতি জ্বালাচ্ছিলেন, সে সময়ই চুরির এ ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। কারণ, বাতি জ্বালিয়ে তিনি নিজ চেয়ারে ফিরে গিয়ে ব্যাগটি খুঁজে পাননি। এ ঘটনায় রাষ্ট্রদূত মর্মাহত হন। তবে তিনি এ নিয়ে কোনো কথা বলেননি।
