বিশেষ প্রতিনিধি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠনে এখনো আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে। তারা সেই লক্ষ্য সঠিক পথে এগোবেন। এটাকে পাশ কাটিয়ে গেলে চলবে না।’ গতকাল শনিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির হলেও প্রধানমন্ত্রীরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ।
নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া প্রস্তাবের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “এটা রাষ্ট্রপতি ভালো বুঝবেন। তিনি পদক্ষেপ নেবেন। যে পদক্ষেপ নেবেন সেটাই হবে। এখানে আমাদের বলার কোনো কিছু নেই।”
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণে নতুন প্রস্তাব রেখেছেন। আমরা আশা করি, বিষয়টি রাষ্ট্রপতি দেখবেন। ক্ষমতাসীন বড় দল ও সরকার প্রধান হিসেবে তারও (প্রধানমন্ত্রী) দায়িত্ব রয়েছে।”
এর আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে মূলত সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, তৃণমূলেরর কমিটিগুলো দ্রুত গঠন করার ব্যাপারে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন।
গতকাল শনিবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
