সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ

0

সিটিনিউজবিডি : দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নামে যেসব স্থাপনা আছে তা মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই সব স্থাপনার নাম পরিবর্তন করে আগামী ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা সচিব ও স্থানীয় সরকার সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বাধীনতাবিরোধীদের নাম রাস্তাঘাট, সড়ক ও স্থাপনা থেকে মুছে ফেলতে চেয়ে সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আগামী ১ মার্চ পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে।

আদালতে আবেদনকারী ড. মুনতাসির মামুন ও শাহরিয়ার কবিরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী এ কে রাশেদুল হক বলেন, ২০ জন স্বাধীনতা বিরোধীর নাম সংবলিত একটি তালিকা যুক্ত করে সম্পূরক এক আবেদন করা হলে আদালত ওই আদেশ দেন।

এর আগে গত বছরের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী খান এ সবুর সড়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের নাম পরিবর্তনের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশ ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।

স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.