সিটিনিউজবিডি : আজ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় বিজয় শিখার পাদদেশ থেকে বর্নাঢ্য বিজয় র্যালী সফল করার জন্য বিভিন্ন বাহিনী ও সংস্থা নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে মেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিজয় র্যালী উপ-পরিষদের আহবায়ক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী’র সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ডি.জি.এফ.আই চট্টগ্রাম এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী পিএসসি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.এম.পির অতিরিক্ত কমিশনার বাবু দেবদাস ভট্টাচার্য্য।
সভায় বক্তব্য রাখেন বন্দর উপ-পরিচালক মেজর মোহাম্মদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, অতিরিক্ত ডেপুটি কমিশনার (সিএমপি) মোহাম্মদ আকরামুল হোসেন, র্যাব-৭ উপ-পরিচালক মেজর এস.এম সুদীপ্ত শাহীন, শিল্প পুলিশ পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমদ মিয়া, পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঈন উদ্দিন, আনসার রিজিয়ন কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস, মেরিন ফিসারীজ এর ল্যাফটেন্যান্ট কমান্ডার রায়হান রউফ বি.এন, আর্মড ব্যাটালিয়ন সহকারী পুলিশ সুপার আমীর হোসেন, মেরীন একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হক, সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী, বিএনসিসি’র ল্যাফটেনেন্ট মোঃ জিয়াউর রহমান, আরআরএফ ইন্সপেক্টর মোঃ আবদুল কাইয়ুম, রেল পুলিশ আর.আই কাজী মোহাম্মদ, বর্ডার গার্ড বাংলাদেশ সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম, আর.এন.বি এসিষ্ট্যান্ট কমান্ডেন্ট জাহিদ হোসেন তালুকদার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আলী আকবর, বি.টি.এল.সি প্রকৌশলী সমিত চাকমা, পি.ডি.বি নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার মোহন্ত।
সভায় উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, এম এ মনছুর, জাহাঙ্গীর আলম সি.ইন.সি (স্পেশাল), এম.এন. ইসলাম মহাসচিব মোহাম্মদ ইউনুছ ও আহমেদুর রহমান সিদ্দিকী, অর্থ সচিব পান্টু লাল সাহা, দপ্তর উপ-পরিষদের আহবায়ক এস.এম. সাইদ সুমন, র্যালী পরিষদের সদস্য সচিব অধ্যাপক মাহাবুবুল আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্য ডিজিএফআই চট্টগ্রাম এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী পিএসসি বলেন, যে কোন পরিস্থিতির মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেভাবে এ জাতি ১৯৭১ সালে ঐক্যবদ্ধ হয়ে পাক হানাদার বাহিনী ও রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাঙালি জাতি সশস্ত্র সংগ্রাম করে বিজয় অর্জন করেছে, স্বাধীনতা সার্বভৌম ও বাঙালি জাতিস্বত্তা রক্ষায় সামরিক বেসামরিক বাহিনীসহ জনগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটি বাহিনী ও সংস্থাকে বিজয় র্যালীতে অংশগ্রহণ করে বিজয় র্যালীকে দৃষ্টিনন্দন করতে হবে। এই ক্ষেত্রে স্ব স্ব অবস্থান থেকে সর্ব্বোচ্চ সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, এই গর্বকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌছিয়ে দেওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, সমগ্র জাতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘাতকদের বিচারের দাবীতে ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনা রাজাকারদের বিচার করে এই জাতিকে কলঙ্কমুক্ত করেছে। নতুন প্রজন্মকে বিজয় মেলার মধ্যে দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে চাই, সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস বিজয় র্যালী। বিজয় র্যালীতে সরকারী বাহিনী ও সংস্থা, ছাত্র-যুব জনতা, শ্রমিক, মহিলা মুক্তিযোদ্ধাসহ সর্বমহলকে বিভিন্ন সাজে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।
