সিটিনিউজবিডিঃ পেনাল্টি শুট আউটে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হলে ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। উভয় দল প্রতিপক্ষের জালে সাতটি করে শট নিলেও, ৫-৪ গোলের জয় সেমিফাইনালের টিকিট পাইয়ে দেয় আর্জেন্টিনাকে।
টাইব্রেকারে কলম্বিয়ার প্রথম তিন শটে হামেস রদ্রিগেস, রাদামেল ফালকাও ও হুয়ান কুয়াদরাদো লক্ষ্যভেদ করেন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি, এজেকুয়েল গ্যারে, এভার বানেগাও প্রথম তিন শটে বল জালে পাঠান। কলম্বিয়ার চতুর্থ শটে ক্রসবারের অনেক ওপর দিয়ে বল মেরে দেন লুইস মুরিয়েল। তবে পরের শটে এজেকুয়েল লাভেজ্জি লক্ষ্যভেদ করলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
পঞ্চম শটে এদউইন কারদোনা কোনোমতে গোল পাওয়ায় আশা টিকে ছিল কলম্বিয়ার। পরের শটে লুকাস বিলিয়া গোল পেলেই জিতে যেত আর্জেন্টিনা। কিন্তু তিনি ডান পোস্টের অনেক বাইরে দিয়ে শট নেওয়ায় ৪-৪ গোলে সমতায় থাকা টাইব্রেকার গড়ায় সাডেন ডেথে। নাটকের এখানেই শেষ নয়! সাডেন ডেথে কলম্বিয়ার হুয়ান জুনিগার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। আবার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে; কিন্তু মার্কোস রোহোর শট গিয়ে লাগে ক্রসবারে!
