জামায়াত সঙ্গ ছাড়তে পারবেন না খালেদা জিয়া :-হাছান মাহমুদ

0
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি ছাড়তে পারলেও, জামায়াত সঙ্গ ছাড়তে পারবেন না।
তিনি বলেন, ‘আমি তোমাদের পাশে আছি- বোঝাতেই খালেদা জিয়া জামায়াতের ইফতার পার্টিতে যোগ দিয়েছেন। যেভাবে জামায়াত নেতাদের পাশে তিনি বসলেন তাতে মনে হয়েছে, তিনি বিএনপি ছাড়তে পারেন, কিন্তু জামায়াত ছাড়তে পারেন না।’ হাছান মাহমুদ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ এতে বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, জামায়াতের নেতাদের বিচার হচ্ছে বলে খালেদা জিয়ার গাত্রদাহ। তাই বৃহস্পতিবার তিনি ঘরে থাকতে পারেননি। জামায়াতের ইফতারে উপস্থিত হয়েছেন। ইফতারের কয়েক মিনিট পরে পৌঁছেছেন। জামায়াত নেতাদের পাশে বসেছেন। তাদের পাশে বসে এটাই বুঝিয়েছেন, ‘আমি তোমাদের পাশে আছি’।
তিনি বলেন, সবাই খালেদা জিয়াকে বলেছেন, আপনি জামায়াতের সঙ্গ ছাড়ুন। বিএনপি নেতারাও বলেছেন, জামায়াত না ছাড়লে আমরা আপনাকে ছাড়বো। কিন্তু তা সত্ত্বেও কাল যেভাবে তিনি জামায়াত নেতাদের পাশে বসলেন- তাতে মনে হয়েছে, তিনি বিএনপি ছাড়তে পারেন, কিন্তু জামায়াত ছাড়তে পারেন না। আসলে খালেদা জিয়ার রাজনীতি দেশের জন্য নয়, নিজের জন্য।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, পবিত্র রমজানে আপনি মিথ্যা বলা বন্ধ রাখেন। কয়েক দিন আগে খালেদা বলেছেন, পেট্রলবোমায় নিহতদের সবাইকে নাকি পুলিশ মেরেছে। মিথ্যায় পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকলে এই মিথ্যাচারের জন্য খালেদা জিয়া পুরস্কার পেতেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.