পাকিস্তানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১ জনে

0

সিটি নিউজ বিডি ঃ- দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরে এসেছে। তবে গত শনিবার থেকে বুধবার পর্যন্ত প্রদেশটিতে অন্তত ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়। এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১ জনে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। খবর দ্য ডন ও রয়টার্সের।
৩৫ বছরের মধ্যে ভয়াবহ এই দাবদাহে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় প্রদেশটির রাজধানী করাচিতে। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরে মৃতের সংখ্যা প্রায় ৯৫০। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৭২৯ জনের এবং বেসরকারি হাসপাতালগুলোতে ২২১ জনের মৃত্যু হয়।
প্রায় দুই কোটি মানুষের নগর করাচির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এর মধ্যে বুধবার তাপমাত্রা বেশ হ্রাস পাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে আসে। নতুন করে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
টানা কয়েক দিনের অসহ্য গরমের পর বুধবার করাচির সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়ায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আগের দিনও তা ছিল ৪৫ ডিগ্রি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.