মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ৩ শ ৮০ কার্টুন জাটকা ইলিশ আটক করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে পুলিশের অভিযানে জাটকা ইলিশ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে মাছ ব্যবসায়ী, গাড়ীর ড্রাইভারসহ ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জাটকা ইলিশ ভর্তি একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপে ৩ শ ৮০ কার্টনে প্রায় ৫ টন জাটকা ইলিশ পাওয়া যায়। প্রতিটি র্কাটুনে প্রায় ২২ কেজি করে ইলিশ মাছ ছিলো। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা। মাছগুলো ঢাকার নিউ মাঈন ফিশ সেন্টারে যাচ্ছিল।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমদ সুমন ভ্রাম্যমান আদালতে জাটকা পরিবহনের দায়ে মাছ ব্যবসায়ী জসিম উদ্দিন (৪৫), নিলু (৩৮), জুয়েল হাওলাদার (৩৫) গাড়ীর ড্রাইভার মোহাম্মদ মাহফুজুর রহমান প্রকাশ বাচ্চু (৪৫) কে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আটককৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, হেফজখানা ও আশ্রয়ণকেন্দ্রে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহমুদুল ইসলাম চৌধুরী।
