সিটিনিউজবিডি : দুদুকের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে দুর্নীতি চিরতরে নির্মূল হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন,দুর্নীতি দেশের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করে ।
শুক্রবার (০৯ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতি একটি সর্বজনীন সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় নিজের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি করা। তিনি বলেন, সরকার সমস্ত সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতি সর্বত্র চালু হলে দুর্নীতির মাত্রা শুন্যের কোটায় নেমে আসবে।
মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, দুদকের পরিচালক মো. আবু সাইদ, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ বক্তব্য দেন।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে। দেশের উন্নয়নে নারী নেতৃত্ব পুরুষের সাথে সমন্বিতভাবে কাজ করছে।
