খেলাধুলা : অবশেষে ওসাসুনার মাঠে গিয়ে মেসি এবং সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে সেই জয়টির দেখা পেলো বার্সেলোনা। মেসি এবং সুয়ারেজরা ওসাসুনাকে হারিয়েছে ৩-০ গোলের ব্যাবধানে। তিন গোলই এসেছে মেসি এবং সুয়ারেজের কাছ থেকে।
ওসাসুনার মাঠে শুরুর দিকে ধীর ফুটবলে গতির সঞ্চার করেন মেসি। নবম মিনিটে বুটের বাইরের পাশ দিয়ে চমৎকার পাস দেন ডি-বক্সে ঢুকে পড়া সুয়ারেসকে। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার। পরের ১৫ মিনিটে আরও তিনটি সহজ সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। এর পর কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেন নি বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে পাসিং ফুটবলের দারুণ নিদর্শন রেখে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল পেয়ে স্প্যানিশ ডিফেন্ডার আলবা বাঁ দিক থেকে ছোটো বক্সে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে সুয়ারেসের একটা আলতো টোকারই দরকার ছিল। গোলটির আগে অনেকটা সময় নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণের ফাঁক বের করে বার্সেলোনা।
৭২তম মিনিটে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎস ছিলেন তিনি নিজেই। বাঁ-দিকে ছুটে আসা দেনিস সুয়ারেসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পরে বাইলাইন থেকে আলবার দুর্দান্ত কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
আর যোগ করা সময়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে স্কোরলাইন ৩-০ করেন মেসি। পায়ের জাদুতে দুই জনকে কাটিয়ে তিন জনের মধ্যে দিয়ে বল জালে পাঠান এবারও বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে থাকা এই তারকা।
এবারের লিগে মেসির এটি একাদশ গোল। সমান ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে তার সতীর্থ সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।
এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের দল। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৪।
