খেলাধুলা : হিগুয়াইনের জোড়া গোলে তোরিনোর বিপক্ষে জয় পেয়েছে জুভেন্তুস। রোববার রাতে ৩-১ গোলে জয়ে ফলে শীর্ষস্থান মজবুত করেছে জুভেন্তুস। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে এএস রোমার চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে দলটি।
দানিয়েলে বাসেল্লির ক্রসে আন্দ্রেয়া বেলোত্তির হেড ঠিকানা খুঁজে পেলে ষোড়শ মিনিটে এগিয়ে যায় তোরিনো। জুভেন্তুস সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি। ২৮তম মিনিটে মারিও মানজুকিচের বাড়ানো বল থেকে ইংল্যান্ডের গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন হিগুয়াইন।
এরপর ৮২তম মিনিটে সতীর্থের লম্বা বল ধরে নীচু শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
যোগ করা সময়ে হার্ট হিগুয়াইনকে হ্যাটট্রিক করা থেকে বঞ্চিত করলেও ফিরতি বলে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের গোলে জুভেন্তুসের জয় নিশ্চিত হয়ে যায়।
