সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর বাটালী হিলের পাদ দেশে ১৬১ টি দুঃস্থ পরিবার এর পুনর্বাসনে নির্মাণ করেছে ৭ তলা একটি ভবন। ৭৫০০ বর্গফুট এ ভবনের ৩য় তলা থেকে ৭ম তলা পর্যন্ত ১৩৮টি কক্ষ নির্মিত হয়েছে। ভবনের নীচতলা খালি আছে। এ ভবনটি ১৪ ডিসেম্বর বুধবার, সকালে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
তিনি ভবনের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের বিভিন্ন খুটি-নাটি দিক যাচাই-বাছাই করে দেখেন। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ ভবনের অবশিষ্ট সকল কাজ দ্রুত শেষ করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম ও উপ সহকারী প্রকৌশলী আবদুল হামিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
