খেলাধুলা : অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশের শক্তিশালী দল সিডনি সিক্সার্সের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পায় মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বে বিসিবি একাদশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে এমন সাফল্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সমর্থকরা।
আগামীকাল বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে সিডনি থান্ডারের বিপক্ষে। তাই আজ (বৃহস্পতিবার) কোনো অনুশীলন নেই দলের। প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের সেরা তিন তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। আর দ্বিতীয় ম্যাচেও মাঠের বাইরে থাকতে পারেন মাত্রই দীর্ঘ চোট থেকে সেরে ওঠা কাটার মাস্টার মোস্তাফিজ।
সিক্সার্সের বিপক্ষে দলীয় সাফল্যেই জয় তুলে নেয় বিসিবি। অপরদিকে ম্যাচ জয়ী এক ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাংলাদেশ দলে বর্তমান ধারাবাহিক ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি ভালো খেলে সুনাম কুঁড়িয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরাও।
এ মাসের শেষে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন মাশরাফি-তামিমরা। ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে কিউইদেরে বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।
