খেলাধুলা : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ওয়েস্ট ব্রমউইচকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিগের সফলতম দলটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার এগিয়ে আছে গোল ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। প্রথম সুযোগটিকেই গোলে পরিণত করেন এই সুইডিশ স্ট্রাইকার। জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে গোলরক্ষককে ফাঁকি দেয় তার হেড। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আবার নিজের সামর্থ্য দেখান ইব্রাহিমোভিচ। বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সামনে এগিয়ে গিয়ে শট নেন। এক খেলোয়াড়ের পায়ে লেগে জাল খুঁজে নেয় বল। লিগে শেষ ৬ ম্যাচে এটি ইব্রাহিমোভিচের সপ্তম গোল।
ঘরের মাঠে লিগে শেষ তিন ম্যাচেই জেতা ওয়েস্ট ব্রমউইচ লড়ে প্রাণপণ। সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু তার কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা।
