নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : শাহনেওয়াজ

0

সিটিনিউজবিডি : প্রথমবারের মতো দলীয়ভাবে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। তাই এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তবে কোনো ছাড় দেওয়া হবে না। সবাই দেখবে এই নির্বাচনে আমরা কতটা শক্ত অবস্থান নিয়েছি এবং অভিজ্ঞতার ভাণ্ডার উজার করে দিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বীরা শঙ্কা করতেই পারেন। মানুষের মনেও শঙ্কা আসতেই পারে। তবে ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সবই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘গতবারও অনেক শঙ্কা করা হয়েছিল, কিন্তু আদৌ সে রকম কিছু ঘটেনি। এবারও আলাদা কোনো ব্যবস্থা না নিয়ে সবার জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করছি আমরা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে, তৎপরতাও বাড়ানো হবে।’

ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভীত হবেন না, নির্বিঘ্নে ভোট দিতে আসবেন।’

নির্বাচন কমিশনার জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে সোমবার থেকে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্বাহী হাকিম থাকবে। সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.