মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের মাসুক মিয়া (১৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার লিচুতলার একটি পোল্ট্রি ফার্ম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে পূর্ব অলিনগর গ্রামের ঘেড়ামারা এলাকার মহাজন বাড়ির সাহাব উদ্দিনের পুত্র।
নিহতের বড় ভাই মোহাম্মদ মিয়া জানান, বুধবার সকালে মাসুক বাড়ি থেকে লিচুতলায় জামশেদের পোল্ট্রি ফার্মে কাজ করতে আসে। দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক জামশেদ তার বাড়িতে ফোন করে জানায় মাসুক আত্মহত্যা করেছে। পরে তিনি গিয়ে ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি আরো জানান, তার ভাইকে জামশেদ হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
মাসুকের পিতা সাহাব উদ্দিন জানান, গত ৯ ডিসেম্বর মাসুক জামশেদের পোল্ট্রি ফার্মে কাজ করতে আসে। এর আগে সে ডেকোরেশনে কাজ করতো। জামশেদ তার ছেলেকে ঠিকমতো খেতে দিত না। এছাড়া মুরগী মারা গেলে তার উপর শারিরীক নির্যাতন করা হতো। বুধবার একটি মুরগী মারা গিয়েছে। হয়তো মুরগী মারা যাওয়ায় মাসুককে মেরে ঝুলিয়ে রেখেছে জামশেদ।
করেরহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ উল্ল্যাহ মাসুকের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ জানান জানান, লাশ উদ্ধারের ঘটনায় মাসুকের বড় ভাই মোহাম্মদ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
