আন্তর্জাতিক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। রবিবার তাদের বৈঠক হয়েছে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিরাপত্তা পরিষদে অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের বসতি স্থাপনবিরোধী প্রস্তাবের ওপর ভোটাভুটি কালে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকার দু’দিন পর সাক্ষাতটি অনুষ্ঠিত হলো। তবে তাদের মধ্যে আলোচনার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বৈঠকের খবর নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা পরিষদে ওই ভোটাভুটিতে যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সংশ্লিষ্ট অধিকাংশ দেশের প্রতিনিধিদের ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানোর মাত্র কয়েক ঘন্টা পর নেতানিয়াহু ও রাষ্ট্রদূত ডানিয়েল শাপিরোর মধ্যে এ সাক্ষাত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশন জানান, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানোর পর সংশ্লিষ্ট ১০ দেশের প্রতিনিধি তাদের ডাকে সাড়া দেন।
সরকারি এক সূত্র জানায়, নেতানিয়াহু অন্যান্য দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাত না করলেও কেবলমাত্র মার্কিন রাষ্ট্রদূত শাপিরোর সঙ্গে সাক্ষাত করেন।
