খেলাধুলা : দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোট পেয়ে বৃহস্পতিবার নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের জায়গায় খেলবেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিকুর রহিম।
মঙ্গলবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে সিঙ্গেল রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার তার চোটের জায়গায় স্ক্যান করার কথা ছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি।
এদিকে মুশফিকের জায়গায় বৃহস্পতিবার অভিষেক হতে পারে নুরুল হাসান সোহানের। প্রথম ওয়ানডের দলে না থাকলেও প্রস্তুতি ক্যাম্প থেকে বাদ পড়া অন্য ক্রিকেটারদের মতো দলের সঙ্গে নিউজিল্যান্ডে রয়েছেন তিনি।
সোহানের বিষয়ে কোচ বলেন, মুশফিকের বিকল্প হিসেবে সোহান রয়েছে। মুশফিকের তুলনায় সে অনভিজ্ঞ। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সোহানের। এরপরও আলোচনা করে টিম কম্বিনেশন ঠিক করা হবে।
