চট্টগ্রাম মহানগরীর জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে জাফর আহমেদ নির্বাচিত
সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্যপদে জাফর আহমেদ ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । নগর ও আংশিক হাটহাজারীর প্রতিনিধি ছিলেন তিনি ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশনের ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর, ১৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং হাটহাজারী উপজেলার মেখলা, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বাররা ৪ নম্বরে কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।১৬০ ভোটারের মধ্যে ১৫৮ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ নম্বর কেন্দ্রে ভোটগণনা শেষে বুধবার(২৮ডিসেম্বর)বেলা আড়াইটায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফারজানা আবেদীন সাংবাদিকদের জানান, ৪ নম্বর কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বেসরকারিভাবে সাধারণ সদস্যপদে জাফর আহমেদ (টিউবওয়েল) ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বিদের মধ্যে জসিম উদ্দীন শাহ (তালা) ৪৬ ভোট, মো. আবুল কদর (হাতি) ৪৬ ভোট ও কাজী মোহাম্মদ আলমগীর (ঘুড়ি) ৬ ভোট পেয়েছেন।
তিনি বলেন, ৪ নম্বর কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্যপদে সংগ্রহ করা ১৫৮ ভোটের মধ্যে ১টি ভোট বাতিল করা হয়েছে। বেসরকারিভাবে অ্যাডভোকেট উম্মে হাবিবা (বই) ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্যপদে রেখা আলম চৌধুরী (কম্পিউটার) ৫২ ভোট, নুসরাত জাহান (দোয়াত কলম) ৩০ ভোট, ফেরদৌস বেগম মুন্নী (হরিণ) ১১ ভোট, আঞ্জুমান আরা (লাটিম) ৪ ভোট পেয়েছেন এবং সেলিনা আক্তার (টেবিল ঘড়ি) নিয়ে কোন ভোট পাননি।
চট্টগ্রাম জেলা পরিষদে চেয়ারম্যান পদে ইতোমধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
