চট্টগ্রাম : বন্দর নগরীর কোতোয়ালী থানাধীন গোলাম রসূল মার্কেটের গোডাউন থেকে ৫৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (৪ জানুয়ারী) বুধবার সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোলাম রসুল মার্কেটের সিফাত এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৫০০ কেজি ও জাহিদ স্টোর থেকে ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে সিফাত এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং জাহিদ স্টোরকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।
অভিযানে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক ফখর উদ্দীন চৌধুরী, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
