খেলাধুলা : ওয়ানডে সিরিজের মতোই টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে মাশরাফির দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে ও দ্বিতীয় ৪৭ রানের হারায় স্বাগতিকরা।
রোববার নিউজিল্যান্ডের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দলকে ৪৪ রানের সংগ্রহ এনে দেন। এরপর দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন সৌম্য। তবে দলীয় ৮২ রানে সৌম্যর বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ১৬৭ রানেই থামে টাইগারদের ইনিংস।
প্রথম ৫ ওভারে ৫২ রান তুলে নেয় লাল-সবুজের দল। পঞ্চম ওভারে দলীয় ৪৪ রানে ট্রেন্ট বোল্টের বলে কলিন গ্রান্ডহোমকে ক্যাচ দেয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন তামিম। দলীয় ৮২ রানে ইশ শোধির বলে বাউন্ডারি মারতে গিয়ে বিদায় নেন সৌম্যর ইনিংস। ২৮ বলে ৪২ রান করেন তিনি। দলীয় ৯৭ রানে উইলিয়ামসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। ১৬ বলে ১৮ রান করেন মিডল অর্ডারের এই তারকা ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ রিয়াদও কিছু করতে পারেননি। ১৪ বলে ১৮ রান করে শোধির বলে বোল্ড হন তিনি। দলের রান তখন ১২২। এরপর দলীয় ১৫০ রানে স্যান্টনারের বলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। অপর প্রান্তে সাকিব ৪১ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। মাত্র ৪১ বলে দুটি চার আর ১০টি বিশাল ছয়ে ৯৪ রান করেন অ্যান্ডারসন। আর ৫৭ বলে ৬০ রান করেন উইলিয়ামসন।
