বিনিয়োগের আগে সার্বিক তথ্য নিন: প্রধানমন্ত্রী
ঢাকা : পুঁজিবাজারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের জেনে-বুঝে ও সার্বিক তথ্য নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত বিএসইসির নিজস্ব ১০ তলা ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যেখানে কোম্পানিতে বিনিয়োগ করবেন, সেসব কোম্পানির সার্বিক তথ্য নিয়ে তারপর বিনিয়োগ করবেন। কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন, তাদের আর্থিক অবস্থা কী, তাদের সক্ষমতা কী কী সব জেনে তারপর বিনিয়োগ করতে হবে। গুজব বা সাধারণ ধারণার ওপর নির্ভর করে কোনো কোম্পানিতে বিনিয়োগ করে সবকিছু হারিয়ে সরকার বা অর্থমন্ত্রীর ওপর দোষ চাপানো যাবে না।
তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে।
শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি করতে চাই। সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ করে যাব। ১০০টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করতে পারব।
