সিটিনিউজবিডি ডেস্ক: সাগর জাহানের এবার বর্ষশুরুর নাটকের নাম ‘আমার অদ্ভুত বউটা’ । নতুন বছরের এ নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।
এর আগে সাগর জাহানের জনপ্রিয় নাটক ‘আরমান ভাই’ এ একসঙ্গে অভিনয় করেন জাহিদ হাসান-তিশা জুটি। এখন গাজীপুরের পূবাইলে ‘আমার অদ্ভুত বউটা’ নাটকের শ্যুটিং হচ্ছে। শুটিংয়ে যাওয়ার আগে ‘আরমান ভাই’ ও ‘সিকান্দার বক্স’খ্যাত এই নির্মাতা বললেন, ‘এর আগে শহরের গল্প নিয়ে হলেও এবারের গল্পটা গ্রামীণ পটভূমিতে, বেশ মজার। সরিষা ফুলের খেত ও আশপাশের সুন্দর লোকেশনে শুটিং করছি আমরা।’
এর আগে সাগর জাহানের ‘আংটি’, ‘নীল ভালোবাসা’ ও ‘স্ট্রিট সিংগার’ নাটকে অভিনয় করেন তিশা।
জাহিদ হাসান অবশ্য মজা করেই বললেন, ‘অনেক দিন সাগরের সঙ্গে কাজ করা হয়নি। ওরা আমাকে নেয়নি। তবে অনেক দিন পরে কাজ করে ভালো লাগছে।’
বছরের প্রথম দিনই শুটিং করা প্রসঙ্গে তিশা বললেন, ‘আগের তিন বছরের মতো সাগর ভাই ও আমি আজীবন বছরের প্রথম তিন দিন শুটিং করব। অনেকেই বলেন, বছরের শুরুতে ভালো কাজ করা মানে সারা বছর ভালো কাজ করা।’
পরিচালক জানালেন, আমার অদ্ভুত বউটা প্রচারিত হবে আসছে বৈশাখে।
