সিটিনিউজ ডেস্ক:: ইউটিউবের সঙ্গে পাল্লা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার ভিডিও কনটেন্টে বিজ্ঞাপন দেয়ার পরিকল্পনা করেছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম রিকোডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আর নতুন এ পরিকল্পনা ফেসবুক এবং প্রকাশকদের আয়ের নতুন পথ করে দেবে বলে মনে করা হচ্ছে। ফেসবুক তাদের ভিডিও কনটেন্টে ‘মিড রোল’ বিজ্ঞাপন ফরম্যাটের পরিকল্পনা করছে। আর এতে করে ভিডিও প্রকাশকরা যে কোনো ভিডিওর মাঝখানে ২০ সেকেন্ড পরে বিজ্ঞাপন ইনসার্ট করতে পারবেন। আর এতে করে ফেসবুক, প্রকাশক এবং ভিডিও নির্মাতারা লাভবান হবেন। নতুন এ সেবা থেকে প্রাপ্ত রাজস্বের ৪৫ শতাংশ নেয়ার পরিকল্পনা রয়েছে ফেসবুকের এবং বাকি অর্ধেক বা তার কিছু বেশি রাজস্ব ভিডিও প্রকাশকদের প্রদান করা হবে। আর এই একই পরিমাণ রাজস্ব আয় ইউটিউব তাদের আপলোডারদের প্রদান করে থাকে। ফেসবুক প্রকাশকদের এমন ভিডিও তৈরির অনুমতি দেবে যা বিজ্ঞাপনদাতারা স্পন্সর করতে পারবেন। তবে এই সুবিধাটি শুধু কিছুসংখ্যক সুপরিচিত প্রকাশক পাবেন। ফেসবুক ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে ভিডিও আপলোডের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি- প্রতিদিন ফেসবুক ব্যবহারকারীরা ১০০ মিলিয়ন ঘণ্টা ভিডিও দেখছেন।
সূত্র : ম্যাশেবল, রিকোড ফারজানা মাহাবুবা
এ বিভাগের আরও খবর
