বিনোদন : প্রথম আলোর ফোট সাংবাদিক জিয়াউল ইসলামকে প্রাইভেটকারের ধাক্কায় আহত করার মামলায় অভিনেতা কল্যাণের জামিন শুনানি পিছিয়েছে। এতে করে কল্যাণকে কারাগারেই থাকতে হচ্ছে। রোববার কল্যাণ কোরাইয়ার পক্ষে তার আইনজীবী ফারুক মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। এ সময় তার জামিনের বিরোধিতা করেন আইনজীবী প্রশান্ত কর্মকার, এমএ জলিল উজ্জ্বল ও শুভ্র সিনহা রায় রনি।
আদালতে কল্যাণের আইনজীবী মোহাম্মদ ফারুক জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় সাংবাদিক মারা গেলেও আসামি জামিন পাওয়ার হকদার। এ ছাড়া জামিনযোগ্য ধারায় আসামিকে আটক রাখার কোন বিধান নেই। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শুনানিতে বলেন, এ মামলায় আগের পরিচালনাকারী আইনজীবীর কাছ থেকে জামিন শুনানির অনাপত্তিপত্র আনা হয়নি। তাই আসামিপক্ষের জামিন আবেদন করার কোন বৈধতা নেই। এ ছাড়া তদন্ত কর্মকর্তা জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন আদালতে দাখিল করেননি। তাই আসামির জামিন নাকচ করা হোক।
শুনানি শেষে বিচারক জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রতিবেদন দাখিলসাপেক্ষে জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করেন।
গত ১০ জানুয়ারি প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন। ওইদিনই কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ। গত ১২ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার কোরাইয়ার বাসা থেকে তার গাড়িটি জব্দ করা হয়।
