সিটিনিউজ ডেস্ক: যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া নিখোঁজ সেই তিন ছাত্রের সন্ধান মিলেছে। তারা বাড়ির কাউকে কিছু না বলে কুয়াটাকায় চলে গিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২৩ (জানুয়ারী) সোমবার রাতে তাদের সন্ধান পাওয়া যায়। মঙ্গলবার তারা বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন আশরাফুল ইসলাম শাওনের পিতা শফিকুল ইসলাম।।
গত ২২ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে চৌগাছা উপজেলা সদর থেকে সহপাঠী তিন বন্ধু নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজ না পেয়ে রবিবার রাতে চৌগাছায় থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর ৯৫২।
ওই তিন বন্ধু হলো- চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের বাসিন্দা ও চৌগাছা উপজেলার পাড়ার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), একই উপজেলার পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)।
এ প্রসঙ্গে চৌগাছা থানার উপ-পরিদর্শক আনোয়ারুল আজিম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। তারা বাড়ি থেকে টাকা ও শীতের জামা কাপড় নিয়ে কুয়াকাটায় চলে গেছে। ওই তিন কিশোরের পরিবার জানতে পেরেছে তারা কুয়াকাটায় রয়েছে। মঙ্গলবার তারা বাড়ি ফিরবে বলে পরিবারের লোকজনকে জানিয়েছে।
আশরাফুল ইসলাম শাওনের পিতা শফিকুল ইসলাম জানান, ওরা তিনবন্ধু কুয়াকাটায় সমুদ্র সৈকতে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোমবার রাতে ওদের সন্ধান পেয়েছি। আমার ছেলের সাথে মোবাইল ফোনে কথাও হয়েছে। ওদের আনতে সেখানে লোক পাঠিয়েছি। ওরা বাড়িও ফিরবে আজ।
