সিটিনিউজ ডেস্ক:: রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জে পৌঁছান তিনি।
সেখান থেকে সড়ক পথে গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং এলাকায় আয়োজিত রোভার স্কাউটদের সমাবেশ স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এখানে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুরে টুঙ্গিপাড়ায় যাবেন শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি। শেখ হাসিনা টুঙ্গিপাড়া নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। শুক্রবার বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
