নিজস্ব প্রতিনিধি : সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে লোকসংস্কৃতি উৎসব নগরীর ডিসি হিলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী) বিকেলে উৎসব শুরু হবে। সমাজ-অর্থনীতি-রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক সচেতনতা বিকাশে নিরন্তর কাজের ধারাবাহিকতায় সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সকালে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
লোকসংস্কৃতি উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে ড. রশীদ আল ফারুকী পদক প্রদান করা হবে। গবেষক ও শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদের উদ্বোধনে সভায় আলোচক থাকবেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুবুল হক এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিকেল ৩টায় শহীদ মিনার থেকে ডিসি হিল পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবে। সভাশেষে পরিবেশিত হবে প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট শিল্পীদের লোকনৃত্য। বাউল গান পরিবেশন করবেন কুষ্টিয়ার টুনটুন বাউল। এছাড়াও পরিবেশত হবে চিরায়ত বাংলা গান, আদিবাসী নৃত্য, মাইজভান্ডারী গান ও লোক গান।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ডিসি হিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করবেন শিল্পী খাজা কাইয়ুম। বিকেল সাড়ে ৩টায় পরিবেশিত হবে হালদা ফাডা গান। পরিবেশনায় এস্তফা খানম ও জাহাঙ্গীর আজাদ। বিকেল ৪টায় সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে আলোচনায় সভায় আলোচক থাকবেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের জিএম ইনাম আহমেদ।
সভাশেষে লোকসংগীত, চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেটের আঞ্চলিক গান, আদিবাসী নৃত্য পরিবেশিত হবে। লোক গান পরিবেশন করবে ঢাকার ‘জলের গান’।
