সিটিনিউজ ডেস্ক:: সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ব্যর্থ হলে রাষ্ট্রপতি নিজেই হেয় হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। আশাকরি সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে সৎ, সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যদি তারা ব্যর্থ হয় পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে হেয় করা হবে।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের চলমান সংকটের সমাধান বিএনপি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। এ ক্ষেত্রে যদি সরকার আমাদের দাবি কর্ণপাত না করে তাহলে রাজপথের আন্দোলনকে বেছে নেয়ার জন্যও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
৫ জানুয়ারি জনগনের ভোটাধিকার সম্পূর্নভাবে কেড়ে নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।
