সিটিনিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত আলম বকুল (৪০) ও বিলদহর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মধু (৩৮) মারা গেছেন। ৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত আলম বকুলের বাড়ি উপজেলার বিলদহর গ্রামে। তিনি চামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদত হোসেনের ছেলে। মাহবুব আলম মধু একই গ্রামের মৃত গেদা প্রামাণিকের ছেলে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, রাতে মোটরসাইকেলে ইটালি ইউনিয়নের রাতাল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে দেখা করতে যাচ্ছিলেন সাখাওয়াত আলম বকুল ও মাহবুব আলম মধু। জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
পরে সিংড়া থানা ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নাসির উদ্দিন মণ্ডল আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং গভীর শোক প্রকাশ করেন। এ ঘটনায় আরো শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মাওলানা রুহুল আমিন প্রমুখ।
