মাঠ পর্যায়ে ইন্টারনেট উপকরণ দেবে সরকার:পলক

0

সিটিনিউজ ডেস্ক::তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাঠ পর্যায়ে জনগণকে সার্ভার, ট্যাব, ল্যাপটপসহ বিভিন্ন ইন্টারনেট উপকরণ প্রদান করার পরিকল্পনা রয়েছে।

সোমবার বিকেলে জাতীয় সংসদে ফিরোজা বেগমের (মহিলা আসন-৩৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পলক বলেন, ‘মাঠপর্যায়ে জনগণকে (স্বাস্থ্যকর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা বা কর্মী) সার্ভার, ট্যাব, ল্যাপটপসহ বিভিন্ন ইন্টারনেট উপকরণ দেয়ার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইতোমধ্যে ডেভেলপমেন্ট আব ন্যাশনাল আইসিটি ইনফ্রা বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রেজ-২ ইনফো সরকার-২ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিটি উপজেলা এবং ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় ৫৫টি ও প্রতিটি উপজেলা পর্যায়ে ৩০টি অফিস একই নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছে।

উপজেলা পর্যায়ের মোট ১৮১৩০ সরকারি দফতরে কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে। তিনি জানান, উপজেলা পর্যায়ে ৮০০টি সরকারি অফিসে ভিডিও কনফারেসিং সিস্টেমের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করছেন।

জেলা আইসিটি সেন্টার পর্যন্ত জাতীয় ডাটা সেন্টারের সম্প্রসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় উপজেলা হতে ২৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবারের সংযোগ ও প্রতিটি ইউনিয়নে একটি করে পিওপি (পয়েন্ট অব প্রেজেন্স) স্থাপন, লিজড লাইনের মাধ্যমে ১০০০ পুলিশ অফিস সংযোগসহ পৃথক ভিপিএন স্থাপন করার লক্ষ্যে ‘ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্যা বাংলাদেশ গভর্নমেন্ট ফ্রেজ-২ ইনফো সরকার-৩ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বর্তমানে এ প্রকল্পের কার্যক্রম চলমান। প্রকল্পটির মেয়াদ ২০১৭ জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত।
পলক বলেন, ইডিজি (ইস্টাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি-ইডিসি) প্রকল্পের আওতায় প্রায় ২ লাখ প্রান্তিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদরাসা, কমিউনিটি ক্লিনিক, পোস্ট অফিস, কারিগরি শিক্ষা কেন্দ্রে অপটিক্যাল ফাইবার অথবা ক্ষেত্রবিশেষে সম্ভাব্য প্রযুক্তির মাধ্যমে কানেক্টিভিটি প্রদান ও স্ট্যান্ডার্ড লেন স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে আইসিটি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৯ হতে প্রথম পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩৫৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। বর্তমানে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা শিক্ষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের মাধ্যমে আরও ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রতিটি ল্যাবে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.