সিটিনিউজ ডেস্ক:: দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, এটা অনেক বড় দায়িত্ব। দায়িত্ব যথাযথভাবে পালন করতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ দেশের সবার সহযোগিতা চাই। তবে শপথ নেয়ার পর অন্য কমিশনারদের সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলেও তিনি জানান।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান তিনি।
তিনি আরো বলেন ‘রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় কৃতজ্ঞ। সাংবিধানিক দায়িত্বটি আমি নিরপেক্ষভাবে সংবিধান ও আইন মেনে পালন করবো’।
প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক বিচারক কবিতা খানম এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
সোমবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী সিইসি ও কমিশনারদের নিয়োগ অনুমোদন করেন। রাত সাড়ে ১০টায় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
নতুন ইসি নিয়োগে সার্চ কমিটির দেয়া ১০টি নাম থেকে এই পাঁচজনকে বেছে নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম একথা জানান।
২০০৬ সালে অবসরে যান নুরুল হুদা। ১৯৭৩ ব্যাচের সরকারি এ কর্মকর্তার বাড়ি পটুয়াখালীতে। ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি।
