সিটিনিউজ ডেস্ক:: নতুন নির্বাচন কমিশন নিয়ে দৃশ্যত হতাশ বিএনপি প্রতিক্রিয়া জানাতে একদিন সময় নিয়েছে। সার্চ কমিটির তৎপরতার মধ্যে যাদের নাম আলোচনায় ভাসছিল, তার মধ্যে সেভাবে উঠে না আসা কে এম নুরুল হুদাকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সোমবার রাতে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সার্চ কমিটি নিয়ে হতাশ হলেও রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ইসির প্রত্যাশা রেখে আসা বিএনপির নেতারা নতুন ইসি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
সোমবার রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হলেও নতুন ইসি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নতুন ইসি গঠনের সংবাদ সম্মেলনের পর রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে নতুন ইসির সদস্যদের নিয়ে নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
তবে তাদের কেউ সাংবাদিকদের কাছে মুখ খোলেননি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সাংবাদিকদের সামনে আসেননি। মহাসচিবের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মহাসচিব জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপর নতুন নির্বাচন কমিশনের বিষয়ে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন মহাসচিব।’
