যুক্তরাষ্ট্রে নিকটাত্মীয়দের নেয়ার আইন কঠোর হচ্ছে

0

আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিকদের আত্মীয়স্বজনকে ভিসা প্রদানের ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে প্রতিবছর ৫০ হাজার শরণার্থীকে দেশটিতে আশ্রয়দানের বিধি সীমিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রদানের হার অর্ধেকে নামিয়ে আনার বিল উঠল দেশটির সিনেটে।

৭ ফেব্রুয়ারি আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন এবং জর্জিয়ার রিপাবলিকান সিনেটর ডেভিড পারডিউ এই বিল উত্থাপন করেছেন। নাগরিকত্ব গ্রহণকারীরা শুধুমাত্র তাদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানকে যুক্তরাষ্ট্রে আনতে পারবেন— এমন প্রস্তাব দেয়া হয়েছে। লাতিন এবং এশিয়ান-আমেরিকানদের টার্গেট করেই এ বিল উত্থাপন করা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন। কারণ আইরিশ, জার্মান এবং ইটালিয়ানরা অনেক আগেই তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে যুক্তরাষ্ট্রে এনেছেন। এই বিলে ডিভি লটারিও স্থায়ীভাবে বিলুপ্তির কথা রয়েছে।

সিনেটর টম কটন এ বিলের যুক্তি উপস্থাপনকালে বলেন, ‘যখনই কেউ ইমিগ্র্যান্ট-ভিসায় যুক্তরাষ্ট্রে ঢোকেন, তখনই গ্রিনকার্ড হাতে পান। এরপরই স্বামী-স্ত্রী, মা-বাবা এবং সেই সূত্রে ঘনিষ্ঠ সবাইকে বৈধভাবেই যুক্তরাষ্ট্রে আনার পথ সুগম হয়। এ বিল পাসের সমূহ সম্ভাবনা রয়েছে বলে রিপাবলিকান সম্পৃক্তরা আশা করছেন।

এ অবস্থায় সিনেটে এ বিল পাস হলে বিপুলসংখ্যক বাংলাদেশিসহ এশিয়ান, স্প্যানিশ এবং মধ্যপ্রাচ্যের লোকজনের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসতির প্রত্যাশা ধূলিস্মাৎ হয়ে যাবে বলে ইমিগ্রেশন অ্যাটর্নিরা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.