সিটিনিউজ ডেস্ক::পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
মানববন্ধনে ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু দেশের মানুষের যুগ যুগ ধরে লালিত স্বপ্ন। এ স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন। বিশ্বব্যাংক অর্থায়নের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তা এবং দেশের কিছু ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ করেছিল। এমনকি বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা দিয়েছিল।
তিনি আরও বলেন, কানাডার আদালতে দুর্নীতির প্রমাণ হয়নি। কানাডার আদালতের রায়ে অভিযোগকে মনগড়া, বানোয়াট, গুজব ও অনুমান নির্ভর বলা হয়েছে। এতদিন সরকার পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যা বলেছিল তার প্রমাণ হয়েছে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ও কিছু বুদ্ধিজীবী মার্কা ষড়যন্ত্রকারী মিথ্যা অভিযোগ করেছিল। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এটা আমাদের কথা নয়, তৎকালীন মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার ই-মেইল চালাচালিতে প্রমাণ হয়েছে।
তাই, আমরা দেশবাসীর পক্ষে সরকারের কাছে অনুরোধ জানাই পদ্মা সেতুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলো, সেই সব চিহ্নিত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচার করা হোক, যোগ করেন হাছান মাহমুদ।
এ বিভাগের আরও খবর
