চকরিয়ায় পরিক্ষার্থী বহনকারী বাস খালে, আহত ১৫

0

চকরিয়া প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়ায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খালে পড়ে অন্তত ১৫ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়ার চিরিঙ্গা-বদরখালী (আভ্যন্তরীণ) সড়কের ইলিশিয়া বাজারের পূর্বে এ দূর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৪ জন পরিক্ষার্থী সহ মোট ৫৬ জন ছিল বলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী একটি বাসে করে সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ইলিশিয়া বাজার এলাকার পূর্বদিকে পৌঁছলে সড়ক দেবে গিয়ে পার্শবর্তী মৎস ঘেরের খালে পড়ে যায় বাসটি। অদূরে ঘেরে কর্মরত মাটি কাটার শ্রমিকসহ স্থানীয় লোকজন দ্রত এগিয়ে এসে পরীক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম শুরু করে। এদের সাথে সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। দ্রত সময়ের মধ্যে উদ্ধার করায় প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় পরীক্ষার্থীরা। এর পরও ১৫ জন হালকা আহত হয়েছে।

আহতরা হলেন- শাহিন আক্তার, শারমিন আক্তার, মো. সাকিব, আয়েশা ছিদ্দিকা, মোহাম্মদ রিজভী, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম, রায়হান, মাহমুদুল করিম, আলী আজগর, মনিরা বেগম, খতিজা খাতুন, হাদিজা আক্তার, মোস্তফা জান্নাত, ও নাঈমা সুলতানা। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশগ্রহনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

মাদরাসার শিক্ষক মঈনুদ্দিন জানান, সকালে ঢেমুশিয়া থেকে ৫৪ ছাত্র-ছাত্রী নিয়ে বাসটি সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চকরিয়া-বদরখালী সড়কের ইলিশিয়ায় পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে যায়। এতে বাসে থাকা পরীক্ষার্থীরা কম-বেশি আহত হয়

চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, ৫৪ পরীক্ষার্থীর ১৫ জন হালকাভাবে আঘাত প্রাপ্ত হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.