‘বস-টু’ চলচ্চিত্রে অমিত হাসান ও জিৎ

0

বিনোদন : একসঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা অমিত হাসান ও ভারতের নায়ক জিৎ। বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস-টু’ চলচ্চিত্রে দু’জন এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন। চলচ্চিত্রটিতে অমিত হাসান অভিনয় করছেন বাংলাদেশের ব্যবসায়ী শাহনেওয়াজ চরিত্রে এবং জিৎ অভিনয় করছেন সূর্য চরিত্রে। এরই মধ্যে কলকাতায় চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান ও জিৎ।

জিৎ বলেন, ‘অমিত দা’র সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি সত্যিই খুব অভিজ্ঞ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার। মূলকথা হচ্ছে একজন শিল্পী হিসেবে তিনি যেমন বিনয়ী মানুষ হিসেবেও অসাধারণ।’

কলকাতা থেকে অমিত হাসান বলেন, ‘জিৎ আমাদের মতোই মিশুক প্রকৃতির ছেলে। খুব সিরিয়াস একজন অভিনেতা। সবচেয়ে ভালোলাগার বিষয় এই যে পরিচালক একটি দৃশ্য মনিটরে দেখে তৃপ্ত না হওয়া পর্যন্ত জিৎ অভিনয় করেন। তার মধ্যে কোনো রকম বিরক্তি দেখিনি আমি। আমাকেও যথেষ্ট সম্মান দিয়েই আমার সঙ্গে কাজ করেছেন।’

অমিত হাসান জানান, গতকাল শুটিং শেষে আজ তার ঢাকায় ফেরার কথা। আজ ঢাকায় ফিরে তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’র মহরতে অংশ নেবেন। এদিকে অমিত হাসান আরো জানান, শিল্পী সমিতির নির্বাচনের তফসিল এ মাসেই ঘোষণা করা হবে। কারণ গত ৭ ফেব্রুয়ারি বর্তমান শিল্পী সমিতির কমিটির মেয়াদ শেষ হয়েছে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অমিত হাসান অভিনীত বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’, জয়দেব মুখার্জি পরিচালিত ‘নবাব’, শাহআলম মণ্ডল পরিচালিত ‘সাদাকালো প্রেম’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.