ইরাকে সন্দেহভাজন ২৪ আইএস সদস্যকে মৃত্যুদণ্ড

0

সিটিনিউজবিডিঃ ইরাকে গণহত্যার অভিযোগে সন্দেহভাজন ২৪ আইএস (ইসলামিক স্টেট) সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশের একটি আদালত। ২০১৪ সালে হাজারো ইরাকী সৈন্যকে হত্যার ঘটনায় বাগদাদের একটি আদালত বুধবার এ রায় দেয়।

ইরাকী সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আব্দুল সাত্তার আল-বির্কদার বুধবার বলেন, ‘আজ ইরাকী সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট স্পেইকার গণহত্যার সাথে জড়িত ২৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।’

২০১৪ সালের জুনে আইএস সদস্যরা দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শহর তিকরিত দখলে নেওয়ার পর ১৭০০ ইরাকী সৈন্যকে হত্যা করে। ওই গণহত্যায় অংশগ্রহণকারী হিসেবে ২৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হল। বাকি চার আসামির বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আদালতে বলেছেন তারা গণহত্যায় অংশগ্রহণ করেননি এবং ইরাকী নিরাপত্তা কর্মকর্তারা তাদের নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়েছেন। আইএস সদস্যরা তিকরিতের দখল নেওয়ার পর নিকটস্থ সেনাঘাঁটি ক্যাম্প স্পেইকার থেকে সৈন্যরা পালানোর সময় তাদের বন্দী করা হয়। পরবর্তী সময়ে সৈন্যদের আটকের ছবি ও ভিডিও প্রকাশ করে আইএস।

চলতি বছরের এপ্রিলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতায় তিকরিতের পুনর্দখল নেয় ইরাকী বাহিনী। এরপর সেখানে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। গণকবর থেকে উদ্ধার করা লাশগুলোর ফরেনসিক পরীক্ষা করে সেগুলো সেনা সদস্যদের লাশ বলে নিশ্চিত হন চিকিৎসকরা।

আদালতে নিহতদের অনেক স্বজন বলেছেন, আইএসের হাতে তিকরিতের পতনের একদিন পর স্পেইকার থেকে ফোন দেন সেনা সদস্যরা। তারা (সৈন্য) জানান, বেশ কয়েকজন সুন্নি গোত্রগত নেতা ঘাঁটিটির বাইরে তাদের নিরাপদে নেওয়ার জন্য লরি অপেক্ষা করছে বলে জানান। এরপর থেকে তাদের (সৈন্য) সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.