কল্যাণ বড়ুয়া মুক্তা,বাঁশখালী : দীর্ঘ প্রতিক্ষার পর বাঁশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুসারে আগামী ১৬ এপ্রিল বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঁশখালীর সাধনপুর এবং খানখানাবাদ নিয়ে নির্বাচনের বিভিন্ন মতপার্থক্য থাকলেও তাও একই তারিখে অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সিডিউল অনুসারে জানা যায়।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ৮ মার্চ ঘোষিত ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৬০.১৬.১৫৯ স্মারকমূলে নির্বাচন পরিচালনা ২ এর উপ-সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত স্মারক মূলে বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৬ এর ৪ জুন বাঁশখালীর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন ও বাঁশখালীর সাংসদের মধ্যে সংঘটিত ঘটনার জের ধরে নির্বাচন কমিশন ওই তারিখে নির্বাচন স্থগিত করে।
এর পর থেকে অসংখ্যবার নির্বাচন হচ্ছে এবং এই নিয়ে গুজবের কোন অন্তছিল না। পরবর্তীতে ১২ নভেম্বর আবারো বাঁশখালীর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেই তারিখেও নানা কারণে নির্বাচন না হওয়ায় বাঁশখালীর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নানাভাবে বিড়ম্বনার শিকার হয়। দীর্ঘ ১১ মাস পর পূর্বের ঘোষিত তপশীল অনুসারে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে প্রার্থীরা বিগত দিনে নানা ভাবে হতাশায় ভুগলেও সর্বশেষ এই ঘোষিত তপশীলে যেন নির্বাচনটা শান্তিপূর্ণ হয় সেজন্য সকল প্রার্থীরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
আগামী ১৬ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হল- পুকুরিয়া ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন, বৈলছড়ি ইউনিয়ন, সরল ইউনিয়ন, শীলকূপ ইউনিয়ন, গন্ডামারা ইউনিয়ন, চাম্বল ইউনিয়ন, শেখেরখীল ইউনিয়ন, পুঁইছড়ি ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন, সাধনপুর ইউনিয়ন, খানখানাবাদ ইউনিয়ন।
নির্বাচনে বিগত দিনে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন এই ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৭১ জন, সাধারণ সদস্য পুরুষ ৫৫৫ জন এবং মহিলা সদস্য পদে ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করবে। তার মধ্যে বিগত দিনে কয়েকজন প্রার্থী মারা গেছে বলে সূত্রে জানা যায়। বর্তমানে নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুসারে ১৪টি ইউনিয়নে ২ লক্ষ ৬৯ হাজার ১শ ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
১৩৫টি কেন্দ্রে ৭৫৬ টি বুথে তারা তাদের ভোট প্রদান করবেন। বাঁশখালীর নির্বাচন সংক্রান্ত ব্যাপারে জানতে চাওয়া হলে নির্বাচন কর্মকর্তা খ.ম. আরিফুল ইসলাম ঢাকায় অফিসিয়াল কাজে থাকায় নির্বাচন অফিসে কর্মরত মোঃ শহিদ জানান পূর্বের ঘোষিত তপশীল অনুসারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঁশখালীতে শুধু নির্বাচন হবে ১৬ই এপ্রিল। এদিকে নতুন করে নির্বাচনী তারিখ ঘোষণা করায় আবারো নড়েচড়ে বসেছে প্রার্থীরা।
বিশেষ করে অধিকাংশ প্রার্থীর পূর্বের ছাপানো পোষ্টার ব্যানার নষ্ট হয়ে যাওয়ায় আবারো নতুন করে তাদের পোষ্টার ব্যানার ছাপাতে হবে বলে জানান অনেক প্রার্থী।
