রাঙ্গামাটিতে যৌথবাহিনীর অভিযানে তিন চাঁদাবাজ আটক

0

মো: সাইফুল উদ্দীন,রাঙ্গামাটি::রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকা থেকে শনিবার বিকাল সাড়ে চারটার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র তিন চাঁদাবাজকে আটক করেছে, এসময় আরো দুইজন পালিয়ে যায়। শনিবার আইনশৃংখলাবাহিনী সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন জেএসএস’র সহকারী পরিচালক (কালেক্টর) রোনেল চাকমা ওরফে তব্ল (৩২), সহকারী কালেক্টর জিকন তঞ্চঙ্গা (২৮), সশস্ত্র গ্রুপের প্রশাসনিক সহকারী কালো বরুন চাকমা ওরফে কালাইয়া (৩৮)। অন্যদিকে পলাতকরা হলো সুজন চাকমা এবং রহিত চাকমা।

আটক করার সময় এদের কাছ থেকে নগদ দুই লক্ষ সাতান্ন হাজার টাকা, ২টি মোবাইল ফোন, টাকা জমার স্লিপ, এমটি কার্তুজ, পকেট নোট বুক, ব্যক্তিগত ডায়েরী (চাঁদার হিসাব রয়েছে), বন বিভাগের সিল মোহর, চাঁদা আদায়ের রশিদ, চাঁদা আদায়ের নোট খাতা, চেক বহি, আওতাভূক্তদের (জেএসএস এর সশস্ত্র শাখা) তালিকা, সুজন চাকমা নামে এক কর্মীর জাতীয় পরিচয়পত্র, সুজন চাকমা কর্তৃক এয়ারটেল সিম নিবন্ধনের কপি এবং বিপুল সংখ্যায় বাম ঘরানার বই পাওয়া যায় ।

সূত্রে আরো জানা যায়, এরা রাঙামাটির দুর্গম এলাকাতে জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের বিভিন্ন জিনিসপত্র শহর ও সদর থেকে সংগ্রহ করে পাঠিয়ে থাকে। এছাড়া তারা রাঙামাটির বিভিন্ন স্থান থেকে চাঁদা সংগ্রহ করে থাকে। তাদের মধ্যে একজন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের চিকিৎসার সরঞ্জাম পাঠায় বলেও সূত্র জানায়।

রাঙ্গামাটির কোতয়ালী থানার এসআই মোকাদ্দেস বলেন, যৌথ বাহিনীর অভিযানে এই তিন চাঁদাবাজকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে অত্র এলাকায় চাঁদা সংগ্রহসহ জেএসএস’র নানান কাজ করে বেড়াচ্ছে বলে জেনেছি। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.