খেলাধুলা : ধর্মশালা টেস্টে স্মিথের সেঞ্চুরি আর ওয়ার্নার-ওয়েডের হাফ সেঞ্চুরির সুবাধে ৩০০ রান করার পরেই অলআউট হয়ে গেলো অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের ঘূর্ণি আক্রমণের মুখেই দিনের খেলা ৭ ওভার বাকি থাকতেই অলআউট অসিরা। প্রথম দিনই ব্যাট করার সুযোগ পেয়ে গেলো ভারত।
কাঁধের ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্তে স্টিভেন স্মিথের সঙ্গে টস করতে নামেন আজিঙ্কা রাহানে। টস জিতে ব্যাট করতে নামলো অস্ট্রেলিয়া। শুরুতেই উমেষ যাদবের তোপের মুখে উইকেট হারান অসি ওপেনার ম্যাট রেনশ। এরপর ১৩৪ রানের জুটি গড়েন ওয়ার্নার আর স্টিভেন স্মিথ।
৫৬ রান করে ওয়ার্নার আউট হয়ে গেলেও টেস্ট ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরিটা করে ফেলেন স্মিথ। ১১১ রান করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার রান ২০৮। তার আগেই আউট হয়ে যান শন মার্শ ৪, পিটার হ্যান্ডসকব ৮, গ্লেন ম্যাক্সওয়েল ৮। স্মিথের পর আউট হন প্যাট কামিন্স ২১, স্টিভেন ও’কিফ ৮ রানে। শেষ দিকে কিছুটা দৃঢ়তা দেখাতে পারলেন ম্যাথ্যু ওয়েড। তিনি করেন ৫৭ রান। ১৩ রান করেন নাথান লায়ন। শেথষ পর্যন্ত ৩০০ রানে অলআউট অস্ট্রেলিয়া।
চায়নাম্যান কুলদীপ যাদব ৪টি, উমেষ যাদব ২টি এবং অশ্বিন, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা নেন ১টি করে উইকেট।
