উইম্বলডনের রাজা-রানী। সার্বিয়ান নোভাক জকোভিচ আর যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। দু’জন যদি জুটি বাধেন কেমন হবে? বাস্তবে তেমন কোন সম্ভাবনা নেই। তবে একটু মজা করতে দোষ কোথায়! সুতরাং, টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডন জয়ের পর স্টেজে উঠে একটু কোমার দোলালে তো আর সমস্যা নেই। তো হয়ে যাক! হলোও তাই, স্টেজে উঠে এক সঙ্গে নাচলেন উইম্বলডনের দুই চ্যাম্পিয়ন।
সেন্টার কোর্ট থেকে সোজা সেন্টার স্টেজে। উইম্বলডনের দুই মহাতারকা সেরেনা উইলিয়ামস ও নোভাক জকোভিচ চ্যাম্পিয়ন হওয়ার পর গানের ছন্দে কোমর নাচিয়ে মঞ্চ মাতালেন। অল ইংল্যান্ড ক্লাবের কোর্টের মতোই ড্যান্স স্টেজেও সাবলীল বিশ্বের এক নম্বর পুরুষ ও মহিলা টেনিস তারকা।
‘বি গিস হিট নাইট ফিভার’-এর মঞ্চ জমিয়ে দিলেন তাঁরা। উইম্বলডন সেলিব্রেশনের জন্য প্রতিবারের মতো এবারেও লন্ডন গিল্ডহলে একটি নৈশ্যভোজের আয়োজন করা হয়েছিল। ঐতিহ্য মেনে ১৯৭৭ সাল থেকে প্রতিবার শুধু নৈশ্যভোজ করেই উৎসব পালন করা হয়। তবে, এবার একটু অন্য কায়দায় জয় সেলিব্রেট করা হল। মঞ্চে একে অপরের হাত ধরে কোমর দোলালেন সেরেনা ও জোকার।
পিচ রঙের লম্বা গাউনে উপস্থিত হয়েছিলেন ৩৩ বছরের মার্কিনি৷ সাদা শার্টের ওপর সবুজ টাই ও কালো ব্লেজার চাপিয়ে মঞ্চে উঠেছিলেন সার্বিয়ান জোকার।
নৈশ্যভোজ শেষ হতেই মঞ্চে উঠে নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন তারা। উপস্থিত প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়নরাও আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। গোটা হল সে-রে-না-নো-ভা-ক আওয়াজে তখন মুখরিত। জকোভিচ বলেন, ‘পরিকল্পনাটা আমার ছিল। আমি সেরেনাকে বলাতে ও রাজি হয়ে যায়। আশা করি ঐতিহ্যের অমর্যাদা করিনি। সেরেনা দারুণ ডান্সার।’ অনুষ্ঠানে নিজেদের তোলা সেলফি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন সেরেনা।
