চট্টগ্রামে চিনি আমদানিকারক ঢাকায় আটক

0

সিটিনিউজবিডি  :   চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার কেজি নিষিদ্ধ ঘন চিনি জব্দের ঘটনায় পুরান ঢাকা থেকে মো. ওমর ফারুক নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বাবু বাজারের ন্যাশনাল ব্যাংক থেকে সোমবার বিকেলে তাকে আটক করা হয়।

রাজধানীতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঘন চিনিগুলো (সোডিয়াম সাইক্লামেট) পুরান ঢাকার ৮ নম্বর আরমানিয়ান স্ট্রিটের ঠিকানায় ওমর ট্রেড’র নামে এসেছিল। আটক ওমর ফারুক প্রতিষ্ঠানটির মালিক। তিনি আমদানির ক্ষেত্রে যে ঠিকানা দিয়েছিলেন তা ভুল ছিল। এ জন্য ন্যাশনাল ব্যাংকের ম্যানেজারের মাধ্যমে কল করে ওমর ফারুককে ডেকে এনে আটক করা হয়। কারণ ন্যাশনাল ব্যাংকের বাবু বাজার শাখার মাধ্যমে সে আমদানি পণ্যের চালান দেন।’

ড. মঈনুল খান আরও বলেন, ‘আটক ওমর ফারুক ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১০ বার বিভিন্ন রাসায়নিক পণ্য আমদানি করেছেন। সেগুলোর মধ্যেও নিষিদ্ধ ঘন চিনি ছিল কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

তিনি বলেন, ‘আটক ব্যক্তি সোডিয়াম সাইট্রেটের কথা উল্লেখ করে সোডিয়াম সাইক্লামেট (ঘন চিনি) আমদানি করতেন বলে তথ্য রয়েছে।’

শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বলেন, ‘ঘন চিনি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারা ২৫বি-এর উপ-ধারা (১)-এর দফা (বি) ও ধারা ২৫ডি অনুসারে দণ্ডযোগ্য অপরাধ।’

এর আগে, সোমবার এক হাজার কেজি ঘনি চিনি জব্দ করে শুল্ক ও গোয়েন্দা অধিদফতর।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.