বিনোদন : দুজনই বলিউডে দারুণ জনপ্রিয়। একজন সালমান খান, অন্যজন ক্যাটরিনা কাইফ। তিন থেকে চার বছরে সম্পর্কটা দারুণ ছিল তাদের। সালমানের ইচ্ছে ছিল ক্যাটরিনাকে বিয়ে করার। তবে হঠাৎ করেই সব পাল্টে যেতে শুরু করে।
তবে গার্লফ্রেন্ড হিসেবে একজনই যে সারাজীবন থাকবেন, এমন থিওরিতে অবিশ্বাসী সালমানের বর্তমান গার্লফ্রেন্ডের নাম ইউলিয়া ভানতুর। যদিও এটা কোন রকম কথা বলতে নারাজ সালমান। এমনকী কোনদিকে সম্পর্ক গড়াচ্ছে সেটা না বললেও খবর তো আর বসে থাকে না। একসঙ্গে বিভিন্ন সময় ধরাও পড়েছেন তারা।
সম্প্রতি সালমান সাবেক গার্লফ্রেন্ড ক্যাটরিনাকে নিয়ে ছিলেন অস্ট্রিয়াতে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিংয়ে সেখানে তারা মিলিত হন। আর তা শেষ না হতেই ক্যাটকে ছেড়ে উড়ে আসলেন মালদ্বীপে।
হ্যাঁ। মালদ্বীপে দুজনের ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি এখন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে, এই সফরে কিন্তু তাঁরা একা নন। সালমানের পুরো পরিবার আছেন তাঁদের সঙ্গে।
সালমান খানের বোন অর্পিতার একমাত্র ছেলে আহিলের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সৈকতে আহিলের জন্মদিন উদ্যাপন করতেই পুরো পরিবার উড়াল দিয়েছিলেন মালদ্বীপে। জন্মদিনের পার্টি তো শেষ হয়ে গেছে। কিন্তু সেখানে আরও কিছুদিন পারিবারিক সময় পার করতে চাইছেন খান পরিবার।
পরিবারের সদস্য না হলেও ইউলিয়াও ভিড়েছেন সেই দলে। কেন সেখানে ইউলিয়া, সেই প্রশ্ন না হয় পাঠক-ভক্তদের কাছেই রইলো। খবর- হিন্দুস্তান টাইমস।
