৫০ কোটি ছাড়াল সালমানের ‘বজরঙ্গি ভাইজান’

0

সিটিনিউজবিডি:- দ্রুত ১০০ কোটির ক্লাবে যোগ দিতে যাচ্ছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। ১৭ জুলাই ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান দুই দিনে আয় করে নিয়েছে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। জানিয়েছে ইন্ডিয়া টুডে।
মুক্তির দিন ‘বজরঙ্গি ভাইজান’-এর আয় ছিল ২৭ কোটি ২৫ লাখ রুপি। ঈদের দিন সিনেমাটি আয় করেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে দুই দিনেই ৫০ কোটি ছাড়িয়েছে ‘বজরঙ্গি ভাইজান’-এর আয়।
উদ্বোধনী আয়ের দিক থেকে গত বছরের ঈদে মুক্তি পাওয়া সালমানের সিনেমা ‘কিক’-এর রেকর্ড ভেঙেছে ‘বজরঙ্গি ভাইজান’। বিশ্লেষকরা আশা করছেন, এবার ‘কিক’-এর প্রথম তিন দিনের রেকর্ডও পার করবে সিনেমাটি।
অবশ্য কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ কে নিয়ে প্রত্যাশা ছিল আরও বেশি, যা খানিকটা হতাশ করেছে ট্রেড পণ্ডিতদের। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘বজরঙ্গি ভাইজান’।
অবশ্য বিশ্লেষকরা আশা করছেন, সপ্তাহ শেষে ঠিকই ফুলে ফেঁপে উঠবে ‘বজরঙ্গি ভাইজান’-এর ব্যবসা। ইতিমধ্যেই ভারতের বাইরের বাজারে ভালো আয় করছে সিনেমাটি।
‘বজরঙ্গি ভাইজান’-এর কাহিনী গড়ে উঠেছে পাভান কুমার চতুর্বেদী নামের এক যুবককে নিয়ে। ভারতে এসে আটকা পড়ে যাওয়া এক পাকিস্তানি শিশুকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় সে।
এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সালমান খান, এ ছাড়া আছেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.