নিজস্ব প্রতিবেদক:: গার্মেন্টস শ্রমিকদের সর্বনিন্ম মজুরি ১০ হাজার টাকার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ২০১৩ সালের ২৪শে এপ্রিল রানা প্লাজা ধ্বসে শ্রমিক হত্যার ৪র্থ বার্ষিকী উপলক্ষ্যে এক প্রতিবাদ সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজা ধ্বসে দেশের সামগ্রিক অব্যবস্থাপনার চিত্রই এদেশের মানুষের সামনে ফুটে ওঠে। এখনও নিখোঁজ শ্রমিক কে সনাক্ত করতে পারে নাই রাষ্ট্র সরকার। যারা পঙ্গুত্ব হয়ে গেছে তারা দু:সহ জীবন যাপন করছে। অনেক নিহত শ্রমিক পরিবার তাদের স্বজন হারার ক্ষতিপূরণ পায় নাই।
রানা প্লাজার মালিক রানা ও গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সমূহের বিচার কাজ থমকে আছে। এই অবস্থায় সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থে গড়ে ওঠা গার্মেন্টস শিল্পের শ্রমিকরা কম মজুরি পেয়ে আজ মানবেতর জীবন যাপন করছে। জীবনের নিরাপত্তা, চাকুরির নিশ্চয়তা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নাই। আমাদের দুর্বিসহ জীবন-যাপন এর জন্য দায়ী মালিক ও সরকার।
আমরা এই সমাবেশ থেকে দাবী জানাচ্ছি আমাদেরকে কর্মক্ষেত্রে ও সামাজিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাজার দরের সাথে সংগতি রেখে আইনী সুরক্ষা দিয়ে নিম্নতম মজুরি ১০০০০ টাকা ঘোষণা করার দাবী জানাচ্ছি।
সাথে সাথে দাবী আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে এক মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মামুন, ক্লিফটন গার্মেন্টস লিঃ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুবি বড়–য়া, সাধারণ সম্পাদক আকবর হোসাইন, জাফা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি চিনু ঘোষ, সাধারণ সম্পাদক অরুপ পাল, ওয়াইবি গার্মেন্টস লিঃ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক এমদাদুল মাসুদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন ডবলমুরিং শাখা কমিটির আহ্বায়ক মোঃ জাকির হোসেন প্রমুখ। সমাবেশের শুরুতে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
