’হালদাকে জাতীয় নদী ও ঐতিহ্য ঘোষণা করতে হবে’

0

নিজস্ব প্রতিবেদক::পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ফ্রেন্ডস’র উদ্যোগে রোববার (৩০ এপ্রিল) হাটহাজারীস্থ গড়দুয়ারায় হালদাপাড়স্থ ড. শহীদুল্লাহ একাডেমী মিলনায়তনে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ”আমাদের নদী আমাদের প্রাণ-চলো নদী চিনি, জানি তার দান” শিরোনামে হালদা নদী আমাদের অনন্য প্রাকৃতিক ঐতিহ্য শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিমুল মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন হালদা নদী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। ইকো ফ্রেন্ডস’র সাধারণ সম্পাদক ও পরিবেশ কর্মী নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজী (এনআইটি)’র চেয়ারম্যান আহছান হাবীব, সমাজ ও উন্নয়ন কর্মী শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম একাডেমীর পরিচালক ডা. বিধান মিত্র, হালদা নদীর ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর, চাঁদের হাট, চট্টগ্রামের সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, স্থানীয় মেম্বার মো. লোকমান, ইকো ফ্রেন্ডস’র সাংগঠনিক সম্পাদক কাইয়ুমুর রশীদ বাবু, হাটহাজারী ছাত্র সমিতি, চট্টগ্রামের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী পেয়ারু, সাধারণ সম্পাদক তাজনুভা তাসকিন তাহিয়া তিস্তা, ইমরান সোহেল ও মোহাম্মদ মামুন প্রমূখ।

আলোচনায় অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, গত ১৭ বছরে আমি হালদা নিয়ে অনেক সভা, সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপে বক্তব্য দিয়েছি। আজ আমার বক্তব্যটি সম্পূর্ণ ভিন্নধর্মী। আমি যে এলাকা থেকে হালদা রক্ষার কাজ শুরু করেছিলাম সেই গড়দুয়ারা এলাকার ভবিষ্যৎ প্রজন্ম আজ আমার সামনে উপস্থিত। আমরা হয়ত: একদিন থাকবনা, আমরা হালদার পরিচিতির শূন্যের কোটা থেকে আজ যে পর্যন্ত নিয়ে এসেছি, সামনের প্রজন্ম সেখান থেকে শুরু করে হালদাকে টিকিয়ে রাখবে আরো হাজার বছর। আজকে আমরা হালদাকে তাদের কাছে তুলে দিতে এসেছি। হালদাকে টিকিয়ে রাখতে হলে হালদা পাড়ের মানুষদের জেগে উঠতে হবে, হালদা পাড়ের আগামী প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে, তবেই হালদা রক্ষা সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদের হাত ধরেই একদিন অর্জিত হবে হালদাকে বাংলাদেশের জাতীয় নদী বা জাতীয় ঐতিহ্য ঘোষণার দাবী। অনুষ্ঠান সহযোগী ছিল ড. শহীদুল্লাহ একাডেমী ও হাটহাজারী ছাত্র সমিতি।

উল্লেখ্য, শিক্ষার্থীরা হালদা নদীর নামকরণ, উৎপত্তি, হালদার প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ, হালদা নদীর মা মাছ, নিষিদ্ধ ডিমসহ হালদা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলে মূখ্য আলোচক অধ্যাপক কিবরিয়া উত্তর দেন ও বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে হালদা নদীর একাংশ পরিদর্শন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.