আন্তর্জাতিক ডেস্ক::প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী ফ্রান্সিস ফিলনের বক্তব্য নকলের অভিযোগ উঠেছে অপর প্রার্থী মেরিন লি পেন’র বিরুদ্ধে। সোমবার লি পেন বক্তব্য দেয়ার পর এ অভিযোগ উঠেছে। প্যারিসের উত্তরে ভিলেপিন্টে লি পেনের দেয়া বক্তব্যের বেশ কিছু অংশ ১৫ এপ্রিল ফিলনের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়।
লি পেনের কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এনএফ) এক কর্মকর্তা বলেছেন, তিনি ভুলবশত এমন করেছেন। তবে এটাও প্রমাণ হয়েছে, তিনি বর্ণবাদী নন। ৭ মে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রাউন্ডে লি পেন ও মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রো মুখোমুখি হবেন।
ফ্রান্সিস ফিলন সমর্থকদের পরিচালিত ইউটিউব টেলিভিশন চ্যানেল ‘রিডিকিউল টিভি’ এ দুই প্রেসিডেন্ট প্রার্থীর বক্তৃতার সাদৃশ্য খুঁজে বের করে। গত ২৩ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোটের আগে ম্যাক্রোকে আক্রমণের জন্য চ্যানেলটি চালু করা হয়। প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় ফিলন পরাজিত হয়েছেন।
রিডিকিউল টিভি প্রেসিডেন্ট প্রার্থী ফিলন ও লে পেন এর বক্তব্যের সাদৃশ্য বোঝাতে তা পাশাপাশি তুলে ধরেছে। এছাড়া সমর্থকদের নিজেদের মতামত ঝালিয়ে নিতে ভিডিওটি দেখারও আমন্ত্রণ জানানো হয়েছে। পরে টুইটারে পোস্ট করা হয় ওই ভিডিও।
এতে দেখা যায়, পু-এন-ভ্যালেতে দেয়া ফিলনের বক্তব্যের সঙ্গে লি পেনের বক্তব্যের অনেক অংশই মিলে যায়। ‘লিবারেশন’ নামের একটি দৈনিক বলছে, নির্বাচনের আগে দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কী বক্তব্য থাকতে পারে, তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে।
কিন্তু ন্যাশনাল ফ্রন্টের ডেপুটি চেয়ারম্যান ফ্লোরিয়ান ফিলিপট রেডিও ক্লাসিককে বলেন, পার্টির মধ্যে মিল রয়েছে। প্রকৃত বিতর্ক শুরু করার জন্য লি পেনের ভাষণটি ছিল নোড-অ্যান্ড-এ-উইং। এর আগে বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, ওই বক্তব্যে তাকে বর্ণবাদী বলে মনে হয় না।
লি পেনের নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক ডেভিড রাসলিন বলেছেন, ওই বক্তৃতায় ফিলনের প্রতি শ্রদ্ধার একটি রূপ ছিল, যা তার সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে।
