মাঠ ছেড়ে না দিয়ে ভোটযুদ্ধে আসুন: নাসিম

0

সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আগামী নির্বাচনেও মাঠ ছেড়ে না দিয়ে ভোটযুদ্ধের লড়াইয়ে থাকার জন্য পুনরায় বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনের রেফারি ঠিক হয়ে গেছে। এই রেফারি (প্রধান নির্বাচন কমিশনার) সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন। এ নির্বাচনে বিএনপি যদি অংশ নেয় তাহলে তারা সঠিক পথে থাকবে। এইচএম এরশাদ মহাজোট থেকে সরে নতুন জোট করলেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জনগণের ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকর করতে হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম হার্টের রিংয়ের নির্ধারিত মূল্য কার্যকর করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির পথ সুগম করতে চিকিত্সক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পর্যায়ক্রমে চোখের লেন্সসহ বিভিন্ন মেডিক্যাল ডিভাইস সংযোজনের ক্ষেত্রেও সরকার মূল্য নির্ধারণ করবে। গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ক জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সোসাইটি অব অরগান ট্রান্সপ্ল্যানটেশন বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সিংহভাগ মানুষ দরিদ্র ও মধ্যবিত্ত। জনগণের সরকার হিসাবে এই বিশাল জনগোষ্ঠীর সাধ্যের মধ্যে আধুনিক চিকিত্সা সেবা নিয়ে আসার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। জনগণের স্বার্থেই সবাইকে এই উদ্যোগে সহায়তার হাত বাড়াতে হবে। দেশের ব্যয়বহুল বড় হাসপাতালগুলোতে গরীব রোগীর ডায়াগনস্টিক ও চিকিত্সা ব্যয় সাশ্রয়ী মূল্যের মধ্যে সীমিত রাখার জন্য পুনরায় আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দরিদ্রদের জন্য বিশেষ সাশ্রয়ী মূল্য নির্ধারণ করলে তারা আধুনিক চিকিত্সার আওতায় চলে আসবে। একটি হাসপাতাল যদি ১১শ টাকায় ডায়ালাইসিস সেবা দিতে পারে তবে অন্যদেরও তা পারা উচিত।

সোসাইটির সভাপতি অধ্যাপক হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ভারতের বিখ্যাত অঙ্গ সংযোজন বিশেষজ্ঞ ডা. সুনীল শ্রফ প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.