সৌদি আরব ধ্বংস করে দেয়ার হুমকি

0

আন্তর্জাতিক ডেস্ক::ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি সরকার যদি মূর্খের মতো কোনো আচরণ করে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদ দিয়ে গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে। খবর প্রেস টিভির।

সৌদি উপ যুবরাজ প্রিন্স মোহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল দেহকান এ সতর্কবাণী উচ্চারণ করেন। প্রিন্স সালমান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

প্রিন্স সালমান বলেছিলেন, রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে। তিনি বলেন,‘আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয়।’

সালমানের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবাননের টিভি চ্যানেল আল-মানারে রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তাদেরকে মূর্খের মতো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানাব, কিন্তু তারপরও তারা যদি বেকুবের মতো কিছু করে বসে তাহলে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের আর কোনো জায়গায় হামলা চালাতে আমরা বাদ রাখব না।’

ইয়েমেনে সৌদি আরবের গত দুই বছরেরও বেশি সময়ের আগ্রাসনের কথা উল্লেখ করেন জেনারেল দেহকান। ওই আগ্রাসনে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সৌদি সরকার ভেবেছে তাদের একটি বিমান বাহিনী আছে বলে তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু ইরানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি সতর্ক করে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.